ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। খসড়া প্রস্তাবে ইসরায়েলকে জনাকীর্ণ শহর রাফাহ আক্রমণের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে যুদ্ধের বিষয়ে জাতিসংঘের ভোটের সময় ‘যুদ্ধবিরতি’ শব্দটি এড়িয়ে গেছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র আলেজেরিয়ার আনতে যাওয়া আরেকটি খসড়া প্রস্তাব ভেটো দেওয়ার পরিকল্পনা করেছে। ওই প্রস্তাবে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
গাজার দক্ষিণের শহর রাফাহতে যুদ্ধের আগে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি বাস করতো। তবে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর শহরটিতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে শহরটিতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছে।
ওয়াশিংটন ইসরায়েলের ধ্বংসাত্মক কার্যক্রমে লাগাম টানতে কোনো ধরনের চাপ প্রয়োগ করছে না। এর জন্য ব্যাপক আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের বেশিরভাগ সময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।
এবারই প্রথম গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন খসড়াতে আরও বলা হয়েছে, রাফাহতে একটি বড় মাত্রায় স্থল আক্রমণের ফলে বেসামরিক নাগরিকদের আরও ক্ষতি হবে এবং আরও বাস্তুচ্যুত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments