ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিকিৎসা ব্যয় কমাতে ও সাধারণ মানুষ উপকারে চিকিৎসা সরঞ্জাম দেশেই তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫তম ওষুধশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর চলবে। প্রদর্শনীতে ৩০টির বেশি দেশের প্রায় সাড়ে ৭০০ ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ডা. সামন্ত লাল সেন বলেন, দেশে চিকিৎসা যন্ত্রপাতি-সরঞ্জাম তৈরি হলে বিদেশে রপ্তানি সুযোগ সৃষ্টি হবে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মালিকদের এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে হার্টের রিং, ক্যাথেটার বা অন্য অনেক সরঞ্জাম বিদেশ থেকে আনতে অনেক খরচ হয়। এতে চিকিৎসা ব্যবস্থা ও রোগীর ওপর চাপ সৃষ্টি হয়।
মন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই তৈরি হয়। পাশাপাশি ১৫৭টি দেশে রপ্তানি হয়। যেসব দেশে আইন খুব কড়া, যেমন- যুক্তরাষ্ট্র, ইউরোপের কিছু দেশ, অস্ট্রেলিয়া এমন দেশগুলোতেও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। এটা বড় সাফল্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন- ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদি, ঔষধ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএমশফিউজ্জামান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments