ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগরা প্রদেশের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। টেংগরা প্রদেশের এন্ডে শহরের ১০৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৪৭ কিলোমিটার। রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি)।

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে ভূপদার্থবিদ্যা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের এ ঘটনায় কোনো ধরনের সুনামি হওয়ার সম্ভাবনা নেই। ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।
২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments