ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে কঠিন উইকেটে বেশ ভুগেছে দক্ষিণ আফ্রিকা। তারপরও চার ম্যাচেই জয় তুলে নেয় তারা। ওয়েস্ট ইন্ডিজ পর্বে ভালো উইকেট পেতেই দারুণ ক্রিকেট খেলে সুপার এইটের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। রাতে বড় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭ রানে জিতেছে তারা। সেমিফাইনালের পথে খানিকটা এগিয়ে গেছে। শেষ চারের লড়াইটাও জমিয়ে দিয়েছে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে তারা ৮৬ রান যোগ করে। এর মধ্যে রেজা হেনড্রিকসের অবদান ছিল ২৫ বলে মাত্র ১৯। ভালো শুরুটাকে পুঁজি করতে তিনে নামানো হয় হেনরিক ক্লাসেনকে। তিনি ব্যর্থ হন।
তবে ওপেনার কুইন্টন ডি কক ও ডেভিড মিলার ভালো ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। ডি কক খেলেন ৩৮ বলে ৬৫ রানের দারুণ ইনিংস। চারটি করে চার ও ছক্কা তোলেন তিনি। মিলার ২৮ বলে ৪৩ রান যোগ করেন। চারটি চারের সঙ্গে দুই ছক্কা আসে তার ব্যাট থেকে। ওই হিসেবে স্লগে রান বাড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৫৬ রানে আটকে যায় টি-২০’র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যর্থতায় হেরেছে তারা। যা মিডল অর্ডার আর পূরণ করতে পারেনি। ওপেনার ফিল সল্ট ৮ বলে ও জস বাটলার ২০ বলে ১৭ রান করে আউট হন। তিনে নামা জনি বেয়ারস্টো ২০ বলে ১৬ ও মঈন আলী ১০ বলে ৯ রান যোগ করেন।
তবে পাঁচে নেমে ৩৭ বলে ৫৩ রানের ভালো ইনিংস খেলেন। সাতটি চারের শট আসে তার ব্যাট থেকে। লিয়াম লিভিংস্টোন ১৭ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৩৭ রান যোগ করেন। কিন্তু শুরুর ১০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান তোলার ধাক্কা সামলে আর জিততে পারেনি ইংল্যান্ড।
টানা দুই জয় পেলেও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত বলার উপায় নেই। বিশেষ করে তাদের চোকিং ইতিহাসের কারণে। সুপার এইট গ্রুপের শেষ ম্যাচে প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে তারা হারলে দুই জয় হবে স্বাগতিক ক্যারিবীয়দের। আবার শেষ ম্যাচে ইংল্যান্ড বড় ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে তারাও সেমির দাবিদার হয়ে যাবে। তখন শেষ চারের সুরাহা হবে নেট রান রেটে। যে হিসাবে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। খুব পিছিয়ে নেই ইংল্যান্ডও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments