ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় দল বা এইচপি সবখানেই লক্ষ করা যায় ব্যাটিং ব্যর্থতার চিত্র। এবার ব্যাটিং ব্যর্থতার কারণে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ৩২ রানে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল(এইচপি)।

আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৯ রান তোলে অ্যাডিলেড স্ট্রাইকার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় টাইগার এইচপি দল।
ম্যাচে বাংলাদেশের হয়ে ২৯ বল খেলে সর্বোচ্চ ৩৫ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম। এই সিরিজে প্রত্যাশা বেশি ছিল জাতীয় দলের খেলোয়াড়দের ওপর। কেননা অভিজ্ঞতার দিক দিয়ে অন্য ক্রিকেটারদের থেকে তারা এগিয়ে। তবে তারাই সবচেয়ে হতাশ করেছে।
ফাইনালে তানজিদ তামিম ৩৫ রান করলেও বাকি ম্যাচগুলোতে মাত্র একটি ম্যাচে কুড়ি রানের গণ্ডি পেরোতে পেরেছে। এছাড়াও ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হন জাতীয় দলের আরেক ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। মাত্র চার রান করে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। দুই-একটি ম্যাচে রান পেলেও সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার।
এছাড়া এইচপি টিমের হয়ে খেলা সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন ২০১৮ সাল থেকে জাতীয় দলে খেলা আফিফ হোসেন ধ্রুব। তবে তার কাছ থেকেও হতাশা ছাড়া কিছুই পায়নি সমর্থকরা। আট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে ২০ রান আসে তার ব্যাট থেকে।
তবে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখিয়ে অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। ফাইনালে ব্যাট হাতে ২১ রান করার পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছেন এক উইকেট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments