ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) টোকিওর স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ইম্পেরিয়াল হোটেলে মারুবেনি করপোরেশন ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নীতিগত সংস্কার, বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।মানচিত্র দেখুন
বৈঠকে মাসুমি কাকিনোকি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
এ সময় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) উন্নয়নে জেবিসিসিইসি ও মারুবেনি করপোরেশনের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মাসুমি কাকিনোকির অবদানের প্রশংসা করেন তারেক রহমান। এ ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান উপস্থিত ছিলেন।মানচিত্র দেখুন
এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সোমবার সকালে ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments