ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এক দিন বাদেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকাররা নিজেদের মন্তব্য জানাচ্ছেন। এবার পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানালেন সর্বকালের সেরা ভারত পাকিস্তান ওয়ানডে একাদশ।

যদিও ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশে নিজেকে রাখেননি ওয়াসিম আকরাম। ভারত থেকে একাদশে রাখা হয়েছে ছয় ক্রিকেটারকে আর পাকিস্তান থেকে পাঁচজনকে। দুই দেশের মিলিত এই একাদশের অধিনায়ক করা হয়েছে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে।
ওপেনার হিসেবে আকরাম তার একাদশে রেখেছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ভারতের বীরেন্দর শেবাগকে। তিনে নামবেন শচীন টেন্ডুলকার। চার নম্বরে আকরাম রাখেন পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদকে। পাঁচে আছেন বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয় বিরাট কোহলি। অলরাউন্ডার হিসেবে আকরাম রেখেছেন নিজের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ইমরান খানকে। সাতে আছেন ভারতের আরেক বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও অলরাউন্ডার কপিল দেব।
উইকেটরক্ষক হিসেবে আকরামের দলে রয়েছেন বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনি। একমাত্র স্পিনার হিসেবে আকরাম রেখেছেন তার এককালের সতীর্থ সাকলায়েন মুশতাককে। আকরামের একাদশে পেসার হিসেবে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ ও ওয়াকার ইউনিস।
আকরামের ভারত ও পাকিস্তানের সম্মিলিত একাদশ: সাঈদ আনোয়ার, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, জাভেদ মিঁয়াদাদ, বিরাট কোহলি, ইমরান খান (অধিনায়ক), কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, সাকলায়েন মুশতাক, জাসপ্রিত বুমরাহ, ওয়াকার ইউনিস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments