ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঈদের ছুটি শেষে আজ থেকে পুঁজিবাজারে আবারও লেনদেন শুরু হয়েছে। সেই সঙ্গে পবিত্র রমজানের কারণে বদলে যাওয়া লেনদেনের সময়সূচিও ফিরছে আগের নিয়মে। তাতে আজ থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। আর চলবে বেলা আড়াইটা পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ঈদের ছুটির পর পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে আজ থেকে ভালো শেয়ারের বিপরীতে বাড়তি ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। কারণ, ঈদের ছুটির আগেই ভালো শেয়ারে ঋণসুবিধা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভালো মৌলভিত্তির শেয়ার কেনার ক্ষেত্রে ৫০ মূল্য আয় অনুপাত বা পিই রেশিও পর্যন্ত ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। এত দিন এ সুবিধা ৪০ পিই রেশিও পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে শর্তসাপেক্ষে বাড়তি এই ঋণসুবিধা মিলবে শুধু ‘এ’ ক্যাটাগরির কিছু শেয়ারে।
আজ থেকে যেসব কোম্পানি সর্বশেষ ৩টি আর্থিক বছরে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে পি/ই (প্রাইস আর্নিং) রেশিও ৫০ বিবেচনা করতে হবে। তবে অবশ্যই কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ৫০ কোটির নিচে থাকতে পারবে না।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
জানা যায়, এর আগে ২০১০ সালে ১৫ জুন যেসব কোম্পানির পিই রেশি ৪০ এর বেশি থাকবে সেগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ এই আইনটি বাতিল করে নতুন করে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা। এক্ষেত্রে সর্বশেষ ৩ বছরে ‘এ’ ক্যাটাগরির আওতায় থাকা ৫০ কোটির পেইড আপের কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানের সীমা পিই রেশিও ৫০ ধরা হয়েছে। অর্থাৎ এসব শেয়ারের পিই রেশিও ৫০ এর বেশি হলে মার্জিন ঋণ দেওয়া যাবে না। উল্লেখিত কোম্পানি ছাড়া বাকি কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে আগের মতোই পিই রেশিও বিবেচনা করতে হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments