ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তারল্য সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির তারল্য পরিস্থিতির নাজুক অবস্থা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ধার নিয়েছে । ইসলামী ব্যাংকের ‘ডিমান্ড প্রমিসরি নোট’-এর বিপরীতে এ অর্থ ধার দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পরিচালিত হয় শরিয়াহ নীতিমালার আলোকে। সাধারণভাবে এ ধরনের ব্যাংক সুদভিত্তিক কোনো লেনদেন করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের নিয়মে সুকুকের মতো উপকরণের বাইরে ইসলামী ব্যাংককে ধার দেওয়ার সুযোগ নেই। সুকুকের বিপরীতে ব্যাংকটির ধারের সীমা শেষ হয়ে যাওয়ায় এখন ‘শেষ ভরসার ঋণদানকারী’ হিসেবে বাংলাদেশ ব্যাংক অর্ডারের নির্দিষ্ট ধারা অনুযায়ী ৮ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে ইসলামী ব্যাংককে ৮ দশমিক ৭৫ শতাংশ সুদ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬(৪)(ডি) ধারা এবং ১৭(১)(বি) ধারা অনুযায়ী ৯০ দিন মেয়াদে এ অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকিং পরিভাষায় যা ওভারনাইট বা ওডি সুবিধা হিসেবে বিবেচিত। সমমূল্যের ‘ডিমান্ড প্রমিসরি নোট’ অর্থাৎ কোনো কারণে ব্যাংকটি বসে গেলে বা দেউলিয়া হলে সম্পদ বিক্রির অর্থ থেকে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের দায় মেটানোর শর্তে এ অর্থ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আর্থিক সূচকে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। তবে সাম্প্রতিক বিভিন্ন প্রচারণার কারণে এই ব্যাংক থেকে বড় অঙ্কের আমানত উত্তোলন হয়েছে। আবার ইসলামী ধারার ব্যাংকের জন্য সুকুক ছাড়া কোনো বিনিয়োগ উপকরণ নেই। ফলে এ ধরনের ব্যাংকের বেশিরভাগ বিধিবদ্ধ তারল্য রাখতে হয় নগদে। যে কারণে ইসলামী ব্যাংক সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় ব্যাংকটির চাহিদা অনুযায়ী ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
শরিয়াহ ব্যাংককে সুদে টাকা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বাংলাদেশ ব্যাংকর এক নথিতে। এতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক এক চিঠির মাধ্যমে জানায়, সম্প্রতি গ্রাহকদের অতিরিক্ত আমানতের চাহিদা পূরণ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি হিসাবে জমা কমে গেছে। এতে সিআরআর ও এসএলআর ঘাটতি দেখা দিয়েছে। ডিসেম্বরভিত্তিক সিআরআর ও এসএলআর ঘাটতি হলে আমানতকারীদের আস্থার সংকট বাড়বে। এতে তারল্য সংকট আরও প্রকট হবে। এ ছাড়া শরিয়াহ বিধি মোতাবেক পরিচালিত হওয়ায় ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তারল্য সুবিধার বিভিন্ন পদ্ধতি যেমন- রেপো, স্পেশাল রেপো, প্রতিশ্রুতিবদ্ধ তারল্য সহায়তা (এএলএস) এবং জরুরি তারল্য সহায়তা (ইএলএস) প্রযোজ্য নয়। এমন প্রেক্ষাপটে ‘লেন্ডার অব দ্য লার্স্ট রিসোর্ট’ হিসেবে ব্যাংকটিকে ৮ দশমিক ৭৫ শতাংশ সুদে ওভারনাইট সুবিধা হিসেবে ৮ হাজার কোটি টাকা দেওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক দৈনিক ভিত্তিতে এবং দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে নগদ জমা সংরক্ষণে ব্যর্থ হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যাংকটি ২৪ দিন সিআরআর রাখতে পারেনি। ২৮ডিসেম্বর ব্যাংকটির সিআরআর ঘাটতি ছিল ৫ হাজার ১০১ কোটি টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এম


































Recent Comments