ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির ক্রিভি রিহ শহরের একটি বড় ইস্পাত কারখানায় রুশ হামলায় অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে।
কয়েক দিন ধরেই রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ভূখণ্ডে হামলা বাড়িয়েছে। ইউক্রেনের শিল্প ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা যেমন বেড়েছে, তেমনি রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য অর্থনৈতিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভ।
রোববার ভোরে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় ইস্পাত কারখানাগুলোর একটি আর্সেলরমিত্তাল ক্রিভি রিহে হামলা চালানো হয়। কারখানাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে অবস্থিত।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিদ্যুৎ উৎপাদন ও ব্লাস্ট ফার্নেস বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কারখানার উৎপাদন কার্যক্রম আংশিক বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
কিয়েভেও রুশ হামলা
রোববার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় রাজধানীর অন্তত দুটি এলাকায় আগুন ধরে যায়। এতে তিনজন আহত হয়েছেন।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, ওই অঞ্চলে ড্রোন হামলায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সর্বশেষ হামলায় দেশটির বিভিন্ন এলাকায় ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
মস্কো অঞ্চলে বড় ড্রোন হামলা
অন্যদিকে মস্কো অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার খবর দিয়েছে রাশিয়া। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেছেন, এটি যুদ্ধ শুরুর পর ওই অঞ্চলে হওয়া অন্যতম বড় ড্রোন হামলা।
হামলায় পোদোলস্ক এলাকায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
এ ছাড়া মস্কোর প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে কোলোদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন লাগে।
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলায় একটি বাসে থাকা একজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। অঞ্চলটি ইউক্রেনের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী।
ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, রাতের হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদন স্থাপনায়ও আঘাত হানা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন
সর্বশেষ হামলার সময় ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য রোমানিয়ার আকাশসীমায়ও একটি ড্রোন ঢুকে পড়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্পেনের নেতৃত্বাধীন ন্যাটো বিমান টহল মিশনে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমান রোববার ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি ভূপাতিত করে।
ড্রোনটি মলদোভা দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। ন্যাটোর এক মুখপাত্রের মতে, প্রাথমিকভাবে সেটিকে রুশ ড্রোন বলে মনে হয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী জনবসতিহীন এলাকায় পড়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২০২৬ সালে এ নিয়ে চতুর্থবার কোনো ড্রোন রোমানিয়ার আকাশসীমায় ঢোকার ঘটনা ঘটল।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments