ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত ‘পিকাক্স মাউন্টেন’ ধ্বংস করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানে কঠোর হামলা অব্যাহত রাখবে।
স্থানীয় সময় সোমবার ‘হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, ‘আমরা পিকাক্স মাউন্টেন উড়িয়ে দিতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলো।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা এটি (পিকাক্স মাউন্টেন) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তারা তাদের পারমাণবিক পরিস্থিতি নিয়ে ভালো অবস্থায় নেই। প্রতিবার যখন আমরা এটি সম্পর্কে শুনি, আমরা তা উড়িয়ে দিই। তাই তারা এটি নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা সম্ভবত খুব শিগগিরই পিকাক্স-এ আঘাত হানব।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত এই পিকাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত স্থান।
বিশেষজ্ঞদের মতে এখানে দুটি অত্যন্ত গভীর টানেল কমপ্লেক্স রয়েছে যা যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমার নাগালেরও বাইরে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আমরা আজ রাতে তাদের (ইরানে) খুব কঠিন আঘাত করতে যাচ্ছি এবং আগামীকালও তাদের কঠোরভাবে আঘাত করব। আর এ ব্যাপারে তাদের কিছুই করার ক্ষমতা নেই।’
এর আগে, সোমবার ট্রাম্প জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলে পুনরায় অবরোধ আরোপ করছে এবং একটি নির্দিষ্ট ফির বিনিময়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা নিশ্চিত করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments