ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ওয়েবসাইট চালুর পর থেকেই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের। এ ভোগান্তির সমাধান হয়েছে বলে জানিয়েছে ডিএসই কতৃপক্ষ।এছাড়া ডিএসইর ওয়েবসাইটের সাময়িক সমস্যায় দুঃখ প্রকাশ করেছে ডিএসই।

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক সমস্যায় দুঃখ প্রকাশ করে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর আইসিটি বিভাগ ডিএসই’র ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাংখিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
তবে আজ ২৩ আগস্ট লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে৷ বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই’র ওয়েবসাইট ব্রাউস করতে যদি কোন অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোন সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউসারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে৷
এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসই’র ওয়েব ব্যানারে ক্লিক করলে জানা যাবে৷
এর আগে গত বুধবার (১৯ আগস্ট) নতুন ওয়েবসাইট চালুর পর থেকেই অচলাবস্থা শুরু হয়। ওয়েবসাইট না খোলার কারণে সংকটে পড়েন অসংখ্য বিনিয়োগকারী ও স্টেকহোল্ডার। বিশেষ করে যেসব বিনিয়োগকারী ব্রোকারহাউজে স্বশরীরে উপস্থিত না হয়ে বাসা বা কর্মস্থলে থেকে শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত নেন, তাদের কাছে এই ওয়েবসাইটই একমাত্র ভরসা। এখান থেকে শেয়ারের মূল্য ও কোম্পানির বিভিন্ন তথ্য দেখে তারা শেয়ার কেনাবেচার আদেশ দেন। কিন্তু ওয়েবসাইট না খোলার কারণে তাদের লেনদেনে সমস্যা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments