
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ পরিচালক এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে। ৯ বছর আগে ২০১১ সালের ২২ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশনা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও অনেক কোম্পানি এ নির্দেশনা পরিপালন করতে ব্যর্থ হয়। এ সময়ের মধ্যে বিএসইসি অনেক পদক্ষেপ নেওয়ার পরও অনেক পরিচালক নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসেছে। তবে সম্প্রতি এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করেনি এমন ২২ কোম্পানির ৬১ পরিচালককে চিহ্নিত করেছে বিএসইসি। সব পরিচালককে আগামী ৪৫ দিনের মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণের জন্য চিঠি দিয়েছে কমিশন। এ সময়ের মধ্যে পরিচালকরা শেয়ার ধারণে ব্যর্থ হলে তাদের পদ ছেড়ে দিতে হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ৫ জন পরিচালক, কন্টিনেন্টাল এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬ পরিচালক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ জন এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির ৫ জর পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। এছাড়া বীমা খাতের অন্যান্য কোম্পানি যেমন এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, প্রগেসিভ লাইফ, পূরবী জেনারেল, স্ট্যান্ডার্ড এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালকের এককভাবে ২ শতাং শেয়ার নেই।
এছাড়া অভিযোগের তালিকায় অন্যান্য কোম্পানি হলো: ওয়াটা কেমিক্যালস, ফুওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, কে অ্যান্ড কিউ, ইনটেক, ইমাম বাটন, দুলামিয়া কটন এবং এক্সিম ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


































Recent Comments