
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
বানিজ্যিক ব্যাংকগুলো করোনায় আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য ২৬ হাজার ২৯২ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছে। যা গত অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। আজ বুধবার নতুন অর্থবছরের (২০২০-২১) জন্য কৃষি ও পল্লী ঋণের এ নীতিমালা এবং কর্মসূচি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ।
নীতিমালায় বলা হয়, করোনা মহামারির আর্থিক সংকট মোকাবিলায় এবং সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নের উদ্দেশে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্রথম ও প্রধান তিনটি লক্ষ্য তথা দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উদ্দেশে পল্লী অঞ্চলে ব্যাপকহারে কৃষি ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে ২৬ হাজার ২৯২ কোটি টাকা। যা গত ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ঋণ বিতরণ করবে ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেয়ার লক্ষ্য ঠিক করেছে ১৫ হাজার ২৪৭ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বিগত ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো মোট ২২ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে, যা গেল অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ বা এক হাজার ৩৭৫ কোটি টাকা কম।





























Recent Comments