ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছর সারাদেশে ডেঙ্গু রোগীর অস্তিত্ব মেলায় চলতি বছরে সারাদেশে এডিস মশা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সারাদেশেই এডিস মশার অস্তিত্ব রয়ে গেছে। এখন থেকেই এডিস মশা প্রতিরোধে কাজ শুরু করা প্রয়োজন।

এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সাড়ে ৫ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ জন্য বেশি সক্রিয় হতে হবে।
গতকাল বুধবার সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির এ বছরের প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মন্ত্রী জানান, ডেঙ্গু এখন আর কোনো মৌসুমি সমস্যা নয়। এটা বছরব্যাপী সমস্যা। এ জন্য সারাবছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা নিজেরা সচেতন হলে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ করা সম্ভব। এডিস মশার লার্ভা ধ্বংসে আমদানীকৃত কীটনাশকের গুণগত মান পরীক্ষা নিশ্চিত করতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments