ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান জ্বালানি সংকটের মধ্যেই আবারও কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটের চিত্র দেখা গেছে। কোথাও স্টেশন বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।
একই সময়ে বাসাবাড়িতেও গ্যাসের চাপ এতটাই কমে গেছে যে অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রাজধানীর মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুর এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দেখা গেছে, অনেক স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কোনো কোনো স্টেশনের সামনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
ফিলিং স্টেশনের কর্মীরা জানান, সাধারণত রাত ১২টার পর কিছুটা গ্যাস সরবরাহ পাওয়া যায়। তবে সেই সময়ও গ্যাসের চাপ খুব কম থাকে। বুধবার দুপুর পর্যন্ত অনেক স্টেশনেই কোনো গ্যাস সরবরাহ পাওয়া যায়নি।
তারা আরও জানান, গত শুক্রবার ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার থেকে আবার সরবরাহ কমতে শুরু করেছে। ফলে গ্যাস পাওয়ার আশায় স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং সিএনজিচালিত যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, আবাসিক এলাকাগুলোতেও পড়েছে। অনেক পরিবার সকাল ও দুপুরের রান্না করতে না পেরে বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে রাজধানীতে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের এই ভোগান্তি আরও বাড়তে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments