ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্পষ্ট করেছে যে, সম্প্রতি মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত মুনাফা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে সংরক্ষণের যে সুযোগ দেওয়া হয়েছে, সেটি কেবলমাত্র বে-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের জন্য প্রযোজ্য হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসির আইন বিভাগের সিএমআরআরসি ডিপার্টমেন্টের রেগুলেটরি সেকশন থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষর করেন।
নির্দেশনায় বলা হয়, বিনিয়োগকারীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ এবং বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ অর্পিত ক্ষমতাবলে গত ১৫ জুলাই কমিশন একটি নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ড স্কিমকে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা না করে অর্জিত মুনাফা সংরক্ষণের সুযোগ দেওয়া হয়।
তবে সর্বশেষ জারি করা নির্দেশনায় বিএসইসি স্পষ্টভাবে উল্লেখ করেছে, ১৫ জুলাইয়ের ওই নির্দেশনা শুধুমাত্র বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে কার্যকর হবে। ফলে অন্য কোনো ধরনের মিউচ্যুয়াল ফান্ড এ সুবিধা ভোগ করতে পারবে না।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments