শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঢাকার তৃতীয় টার্মিনাল ঘিরে বড় বিনিয়োগ পরিকল্পনা মেনজিসের
spot_img
spot_img

ঢাকার তৃতীয় টার্মিনাল ঘিরে বড় বিনিয়োগ পরিকল্পনা মেনজিসের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে (টি-৩) দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর হিসেবে কাজের চুক্তি পেলে প্রথম বছরেই বাংলাদেশে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের সম্ভাব্য বিনিয়োগ ও কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন।

মেনজিসের কর্মকর্তারা জানান, বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হলে সরাসরি কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতি ও সরবরাহব্যবস্থায় ৪ হাজার ৫০০টির বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তৃতীয় টার্মিনালের যাত্রীসেবা পরিচালনার চুক্তি পেতে মেনজিসের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে চেলেবি এভিয়েশন, ডানাটা, সুইসপোর্ট ও স্যাটস।

মেনজিস জানিয়েছে, প্রস্তাবিত ১২ মিলিয়ন ডলারের বিনিয়োগের একটি বড় অংশ বিমানবন্দর পরিচালনা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং দেশের স্থানীয় এভিয়েশন খাতের সক্ষমতা উন্নয়নে ব্যয় করা হবে। এ জন্য ঢাকায় একটি মেনজিস ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের বিমান চলাচল-সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করা হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এভিয়েশন বিষয়ে শিক্ষা কার্যক্রম, ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেনজিসের কর্মকর্তারা বলেন, এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান ও দক্ষতা বাংলাদেশে স্থানান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচালন, কারিগরি ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।

মেনজিসের পরিকল্পনায় বাংলাদেশে তাদের কর্মীদের ইউনিফর্ম স্থানীয়ভাবে তৈরি ও সংগ্রহের বিষয়টিও রয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, এর ফলে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে। কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় জনবল নিয়োগ, পেশাগত প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং দীর্ঘমেয়াদি জ্ঞান হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে এভিয়েশন খাতের জন্য একটি টেকসই দক্ষ কর্মীভিত্তি গড়ে তুলতে চায় তারা।

তৃতীয় টার্মিনালের দ্বিতীয় অপারেটর নির্বাচনে ভূরাজনৈতিক বা রাজনৈতিক কোনো বিষয় প্রভাব ফেলতে পারে কি না-সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক সাকিব এরশাদ বলেন, প্রতিযোগিতাটি ন্যায্য প্রক্রিয়ায় হবে বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বক্তব্য দেন।

মেনজিসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে প্রস্তাবিত বিনিয়োগের মাধ্যমে শুধু বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ নয়, দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগও তৈরি হবে। এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা অপারেটর যুক্ত হলে গ্রাউন্ড-হ্যান্ডলিং খাতে প্রতিযোগিতা বাড়বে। এর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নেরও সুযোগ তৈরি হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments