ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকার পর ২০২২ সালের ১৭ আগস্ট দেশে ফেরেন। এই ফেরাটাও ছিল রাজকীয়। শাকিব দেশের মাটিতে পা রেখেই জানান, চমক আসছে। বিয়ে প্রসঙ্গে তার ভাষ্য ছিল- পরিবার চায় তিনি সেটেল হন। তবে এবার আর লুকোচুরি নয়, ধুমধাম করেই বিয়ের কাজ সারবেন।

অন্যদিকে শাকিব ভক্তরা অপেক্ষা করছেন এই সুপার স্টারের চমক দেখার। যদিও চমকের চেয়ে ভক্তরা তার খবরে বিস্মিত হয়েছেন বেশি। কারণ দেশে ফেরার কিছুদিন পরই প্রকাশ্যে আসে শাকিব খানের গোপন বিয়ে আর সন্তানের কথা। চিত্রনায়িকা বুবলি ফাঁস করেন শাকিবের সঙ্গে তার বিয়ের খবর।
এরপর তুমুল তোপের মুখে পড়েন শাকিব। সামাজিক মাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্রপাড়াসহ সর্বত্র তাকে নিয়ে নেতিবাচক চর্চা শুরু হয়।
তবে হ্যাঁ, এর মধ্যেই পূজা চেরির সঙ্গে তাকে নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের ধারণা পূজা চেরির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ঢাকতেই তিনি এই সিনেমার শুটিং এখনও শুরু করেননি। এমনকি পূজার সঙ্গে অন্য সিনেমার কাজও তিনি আপাতত শিকেয় তুলে রেখেছেন। অবশ্য তাতে কতটুকু এই নায়কের লাভ হয়েছে বলা না-গেলেও পূজার ক্যারিয়ারে যে সুবাতাস বইছিল তাতে কিছুটা ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। গত বছর আলোচিত কোনো সিনেমায় এই সময়ের সবচেয়ে সম্ভাবনাময় এই অভিনেত্রীকে দেখা যায়নি।
এদিকে বুবলীর সঙ্গে বিয়েকাণ্ডের পর একের পর এক নতুন সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছেন শাকিব। এই ঘোষণা অবশ্যই ইতিবাচক। এতে চলচ্চিত্রেরই সবচেয়ে বেশি লাভ। কিন্তু সিনেমার শুটিং যদি ফ্লোর পর্যন্ত না-গড়ায় তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
শাকিবিয়ানদের প্রত্যাশা ব্যক্তিজীবনের ঘটনা আড়ালে ঠেলে শাকিব খান নতুন সিনেমায় চমক দেখাবেন। কিন্তু আবারও তারা বিস্মিত হয়ে লক্ষ্য করলেন- অভিনয়ের চমক বাস্তবে রূপ নেয়ার আগেই শাকিব আবারো পারি জমালেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখান থেকে আর দেশে ফেরেননি এই নায়ক। সরাসরি তাকে নিয়ে ফ্লাইট উড়েছে যুক্তরাষ্ট্রের দিকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments