ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জি পরিচালিত টলিউডের আলোচিত সিনেমা ‘পদাতিক’। যেখানে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। ছবিটির প্রথম দিনের প্রথম শো দেখতে এবং প্রচারণায় অংশ নিতে ভারত যাওয়ার কথা থাকলেও চঞ্চল সেখানে যাবেন কি-না তা নিয়ে রয়েছে সংশয়। কারণ সরকার পতনের পর থেকে একদিকে যেমন মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্যদিকে দুর্বৃত্তরা লুটপাট, ডাকাতি, অগ্নিসংযোগে ব্যস্ত হয়েছে পড়েছে। হামলা হচ্ছে শিল্পীদের বাড়িতে এমনকি প্রেক্ষাগৃহেও।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে একাধিক শিল্পীকে নিয়ে নেতিবাচক কথাবার্তা। সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেতা চঞ্চল চৌধুরীও। বিষয়টি নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছেন এই অভিনেতা।
সম্প্রতি এক গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাবো, সেটি কল্পনাও করিনি। আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি। রাজনৈতিক সভা- সমাবেশ তো করিনি। রাজনৈতিক অ্যাক্টিভিটির জন্য কতো ডাক পেয়েছি, কখনও সাড়া দিইনি। অথচ এখন আমি সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন। এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই।
তার ভাষায় স্পষ্ট, কিছু দুষ্কৃতকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যা মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। অভিনেতা ছাত্রদের আন্দোলন সমর্থন করেননি, সেটা প্রমাণ করার চেষ্টা চলছে। যদিও আন্দোলন চলাকালীন তিনি ছাত্রদের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার মায়ের অসুস্থতার কারণে সেভাবে সক্রিয় থাকতে পারেননি এই অভিনেতা।
তবে ভক্তদের কাছে নিজের অবস্থান তুলে ধরতে একটি পোস্ট দিয়েছেন তিনি। কিন্তু সেখানেও অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। তাই সব মিলিয়ে চঞ্চল চৌধুরী এখন প্রচণ্ড অস্বস্তি আর হতাশার মধ্যে আছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments