ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত দুই ঈদে পরপর দুই সিনেমার লাগাতার সাফল্যের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মাসখানেক আগে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এখনও সেখানেই অবস্থান করছেন এই চিত্রনায়ক। অবশ্য শাকিবের এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। কারণ শাকিবিয়ানদের অনেকেই ধারণা করেন নতুন কোনো প্রজেক্টের কাজ কিংবা হলিউডের কোনো সিনেমার কাজে উড়াল দিয়েছেন তাদের প্রিয় নায়ক।
শাকিব খানের আমেরিকা ভ্রমণের সঙ্গে শুরুর দিকে সিনেমা প্রসঙ্গে ছিলো না কোনো সাড়াশব্দ। এমন সময়ে নায়ককে ছুটির আমেজে প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে সময় দিতে দেখা যায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। তবে যুক্তরাষ্ট্রে যে শুধু ছুটি কাটানো কিংবা ঘোরাঘুরির উদ্দেশ্যেই নায়ক গেছেন তা নয়, রয়েছে এক চমক! আর তা মোটামুটি নিশ্চিত হওয়া গেল শাকিবের সাম্প্রতিক একটি বার্তা থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ ও রহস্যে ভরা স্টোরি দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিনি মনে করেন, নীরবতা মানে কোনো শূন্যতা নয় বরং উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।
শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে এ বিশেষ বার্তা দেন শাকিব। ঢাকাই ছবির এই সুপারস্টার লেখেন, ‘বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘুর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ- সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়, বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।
শাকিব আরও লেখেন, ‘সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন শাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সে প্রসঙ্গে নিজের কোনো অভিব্যক্তি প্রকাশ করেননি তিনি। তবে এবার সে নীরবতা ভেঙে ভক্তদের বিশেষ বার্তা দিলেন এ অভিনেতা।
শাকিবের এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা। হঠাৎ বিশ্বাস, নীরবতা, শূন্যতা নিয়ে এমন লেখা নেটিজেনদের ভাবিয়ে তুলেছে। এ লেখা শুধুই কি ভক্তদের উদ্দেশে, মন্তব্যের ঘরে এমনও মতামত জানাচ্ছেন কেউ কেউ।
তবে বেশিরভাগ নেটিজেনদেরই দাবি, নিশ্চয়ই নতুন কোনো প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এ মেগাস্টার। সে খুশির আগাম বার্তাই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ঢালিউড কিং।
জানা যায়, চলতি বছরই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবরের ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শাকিব খানের। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমাতেও দেখা যেতে পারে এ অভিনেতাকে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments