ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচেই জয় পেয়েছে ভারত। অন্যদিকে আফগানিস্তানের কাছে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে সোমবার (২৪ জুন) বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করার ক্ষেত্রে দু’দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টিতে হাইভোল্টেজ এই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইটে আকুওয়েদার লিখেছে, ‘থেমে থেমে বৃষ্টি আর বজ্রঝড়ের পূর্বাভাস আছে।’ আকুওয়েদারের প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সেন্ট লুসিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচ। আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের পুরোটা সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এ ছাড়া ম্যাচের আগে ভারী বর্ষণ হলে খেলা শুরু হতে দেরি হতে পারে। সে ক্ষেত্রে ম্যাচের শেষ দিকে আবার হানা দিতে পারে বৃষ্টি।
সুপার এইটের গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ক্ষতি হবে অস্ট্রেলিয়ার। এমনকি প্রতিযোগিতা থেকে বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে। উল্টো দিকে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে ৫ পয়েন্ট নিয়ে সেমিতে পৌছে যাবে রোহিত শর্মারা।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পণ্ড হলে অস্ট্রেলিয়া আটকে যাবে ৩ পয়েন্টে। সেক্ষেত্রে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বসে থাকতে হবে ব্যাগি গ্রিনদের। অপরদিকে, বৃষ্টি হলে সেমিতে যাওয়ার ভাগ্যের দরজা খুলে যাবে আফগানিস্তানের। রশিদ খানদের বর্তমান পয়েন্ট দুই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ যদি পণ্ড হয় ও আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে ৪ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে পৌছে যাবে আফগানরা। একমাত্র বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারলে আশা থাকবে অজিদের। বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।
এদিকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশেরও সব আশা শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের পয়েন্ট শূন্য। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় ও বাংলাদেশ যদি আফগানদের হারায় তাহলে ৩ দলের পয়েন্ট হবে ২। তখন আসবে রানরেটের খেলা। সুপার এইটে বাংলাদেশের রানরেট তলানিতে। তাই অলৌকিক কিছু না ঘটলে শান্তদের কোনও সম্ভাবনা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments