ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে আরও শক্তিশালী ও বিনিয়োগকারীবান্ধব করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক। তিনি বলেছেন, ‘বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডে প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি এ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের (ওইএমএফ) ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত সোমবার এ কর্মশালা আয়োজন করে ডিএসই।
এতে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাফিজ আল তারিক বলেছেন, এই প্ল্যাটফর্মটি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে এগিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ যত সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা যাবে, মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশের সম্ভাবনাও তত বাড়বে। বিশেষ করে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং মিউচুয়াল ফান্ডকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানিয়েছেন, বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ সৃষ্টি করে এক্সচেঞ্জকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট ভিশন রয়েছে। প্রস্তাবিত প্ল্যাটফর্ম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে আরও সহজ, সুবিধাজনক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
কর্মশালায় প্রস্তাবিত সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো ও কার্যকারিতা তুলে ধরেন ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments