ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসামরিক নাগরিকদের ওপর বোমা বর্ষণসহ মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধাপরাধ আরও নিয়মিত ও নির্লজ্জ হয়ে উঠেছে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত মিয়ানমারে সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত পরিচালনা করে ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত সংস্থাটি বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী এবং এর সহযোগী মিলিশিয়ারা তিন ধরনের যুদ্ধাপরাধ করে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ক্রমবর্ধমান এবং বাছবিচারহীন হয়ে উঠছে। তদন্তে এসব ঘটনার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।
অপরাধগুলোর মধ্যে রয়েছে নির্বিচারে বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ এবং সাধারণ মানুষের বাড়িঘর ও ভবন পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। এতে অনেক সময় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযানের সময় আটক বেসামরিক লোক কিংবা যোদ্ধাদের হত্যা করা হয়েছে।
আইআইএমএমের প্রধান কৌমজিয়ান বলেন, আমাদের প্রমাণগুলো মিয়ানমারে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের নাটকীয় বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। সেখানে বেসামরিক লোকজনের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণ চালানো হচ্ছে। এ নিয়ে আমরা একটি কেস ফাইল তৈরি করছি, যা অপরাধীদের বিচারের জন্য ব্যবহার করা যেতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments