ডেইলি শেয়ারবাজার ডেস্ক : শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি মুক্তির তৃতীয় দিন পার হতে না হতেই ২০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল। এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ২০২৪ তারিখ মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সিনেমা ‘স্ত্রী ২’।

অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির তৃতীয় দিন ভারতে ১৩৫ কোটি রুপি আয় তুলে নিয়েছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি।
এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’।
হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার। গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’।
এবার প্রথম সপ্তাহের আয়েও রেকর্ড গড়ার পথে সিনেমাটি। এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।
২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/কে.





























Recent Comments