ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতির পদ ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতকাল সোমবার তিনি এ পদ থেকে পদত্যাগ করেন।

পিএমএল-এনের তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব এক এক্স পোস্টে শেহবাজ শরীফের দলীয় প্রধানের পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন।
পদ ছেড়ে দিয়ে শেহবাজ শরীফ বলেছেন, দলীয় প্রধান হিসেবে বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে।
দলের সাধারণ সম্পাদক বরাবর লেখা পদত্যাগপত্রে শেহবাজ শরীফ বলেন, ২০১৭ সালে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তাকে দলের প্রেসিডেন্টের পদে বসতে হয়েছিল। কিন্তু এর মধ্য দিয়ে নওয়াজ শরীফের প্রতি বৈষম্য করা হয়েছিল। কেননা তখন দলের প্রেসিডেন্ট ও দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল নওয়াজকে।
শেহবাজ বলেন, তিনি মনে করেন, নওয়াজ শরীফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে।
দলের একটি সূত্র জানায়, আগামী ১৮ মে সকালে লাহোরে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরীফের ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।
২০১৮ সালে কয়েকটি দুর্নীতির মামলায় নওয়াজকে কারাদণ্ড দেন পাকিস্তানের আদালত। আদালতের রায়ে দলীয় প্রধানের পদও হারান তিনি। কারণ পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দেশটির সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের অনুযায়ী রায় দেন, অযোগ্য ব্যক্তি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে কাজ করতে পারবেন না।
চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত অক্টোবরে দেশে ফেরেন নওয়াজ শরীফ। হাইকোর্টে সব মামলায় জামিন পাওয়ার পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দলের সঙ্গে জোট সরকার গঠন করে নওয়াজের দল।খবর জিও নিউজের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments