ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর চেয়ে জেলা ও উপজেলা পর্যায়ে এখন ডেঙ্গুর প্রকোপ বেশি। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ২ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বরের ২২ দিনে ঢাকার বাইরে ৩৭ হাজার ৮৩১ এবং রাজধানীতে ১৮ হাজার ৬৭৯ জন ডেঙ্গু শনাক্ত হলেন। সেই হিসাবে রাজধানীর বাইরে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে মৃত্যু বেশি হয়েছে ঢাকায়। চলতি মাসের ২২ দিনে রাজধানীতে ১৫১ এবং ঢাকার বাইরে ১৩১ জনের মৃত্যু হলো।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চারজনের মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৭৯ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ২৮৯ জন এবং রাজধানীতে ৫৯০ জন।
গত মাসের তুলনায় চলতি মাসে মৃত্যুর হারও বেশি। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৮৫২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৭৭ হাজার ২৮৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪ হাজার ৫৬৩ জন। মৃত্যু হওয়া ৮৭৯ জনের মধ্যে নারী ৫০৬ জন এবং পুরুষ ৩৭৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ২ হাজার ১৫৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭১ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৬৫৮ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৪১৩ জন।
চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ১১ হাজার ৬১ জন এবং নারী ৭০ হাজার ৭৯১ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ, অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments