ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যাচাই-বাছাই ও পুলিশি যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে পুলিশি যাচাইয়ের পাশাপাশি কিছু নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে প্রার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে কি না। তবে রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নিয়োগের যাচাই-বাছাইসহ কোনো ক্ষেত্রেই এ কারণে বৈষম্য করা হবে না।
তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে। তাই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রার্থীর আত্মহত্যা কিংবা গায়ে আগুন দেওয়ার হুমকির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রজ্ঞাপনে নাম থাকার পরও যাচাই-বাছাইয়ের কারণে কারও নাম চূড়ান্ত তালিকায় না এলে তা নিয়োগপ্রক্রিয়ার সমাপ্তি নয়। প্রজ্ঞাপন একাধিকবার জারি হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ১২ অক্টোবর হওয়ায় এখনো হাতে সময় রয়েছে।
ওই প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠনের পদধারী নেতা ছিলেন বলে জানা গেছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে এমন ধারণা করা ঠিক নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আবারও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না।
পুলিশি যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে নিয়োগ আটকে যেতে পারে। কারও বিরুদ্ধে অপরাধে দণ্ডিত হওয়ার বিষয় থাকলে সেই দণ্ড প্রত্যাহার বা আপিল নিষ্পত্তির মতো আইনি প্রক্রিয়ার বিষয়ও বিবেচনায় নিতে হয়। এসব নিয়ম অনুসরণ না করলে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। এ কারণে প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আরেকজন রাজনৈতিক দলের নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইয়ের নামে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। কিন্তু পুলিশি যাচাই সরকারি নিয়োগের নিয়মিত প্রক্রিয়া, যা সব সরকারের সময় বিধি অনুযায়ী অনুসরণ করা হয়। কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগের কারণে নিয়োগপত্র আটকে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে তদন্তের সুযোগ রয়েছে। তবে এখনো সেই পর্যায় আসেনি বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোতে অপপ্রচার ও অপতথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে শিক্ষার্থীদের উসকে দেওয়া উচিত নয়। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য করা হবে না এ নিশ্চয়তা দেন তিনি।
৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার প্রজ্ঞাপন জারির দিন নির্ধারণ করা হয়েছে। তবে এর আগে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়। তাই সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের অপেক্ষা করতে হবে।
তিনি জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা চলছে। প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, এমনকি শনিবারের ছুটির দিনেও কাজ করার কথা রয়েছে
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments