ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদে গুরুত্ব কমে যায় রদ্রিগোর। ক্লাবটিতে এই ব্রাজিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। কিছুদিন আগেও তার রিয়াল ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি।
কার্লো আনচেলত্তির পর রিয়ালের দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। দলের স্কোয়াড ঢেলে সাজিয়েছেন তিনি। যে কারণে শিগগিরই দলের ৫ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি। এ তালিকায় রয়েছে রদ্রিগো ও এন্দ্রিকের নাম।
এদিকে স্যাভিনহো ও গ্রিলিশ ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ এভারটনে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে স্যাভিনহোকে দলে নিতে চায় টটেনহ্যাম। তার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এ অবস্থায় রদ্রিগোর সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন আবারও ফিরে এসেছে।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রদ্রিগো যদি যেতে চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে। এমনিতেও রিয়াল তাকে রাখতে চাচ্ছে না। তবে রদ্রিগোর জন্য ক্লাবটি চায় ১০০ মিলিয়ন ইউরো। যদি স্যাভিনহোকে বিক্রি করতে পারে সিটি, তাহলে তাদের জন্য নতুন সাইনিংয়ের পথও খুলে যাবে।
রদ্রিগোকে পেতে আগে থেকে লড়াইয়ে ছিল আর্সেনাল ও লিভারপুল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল এখনও রদ্রিগোকে নিতে চায়। তবে এই লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments