ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যস্ত জীবনে সকালের নাশতায় অনেকেই রুটি, পরোটা, ডিম কিংবা সবজি দিয়ে দ্রুত খাবার সেরে নেন। আবার অনেকের দিন শুরু হয় ভাত দিয়ে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বঘোষিত বিশেষজ্ঞের দাবি, সকালে রুটি খাওয়া স্বাস্থ্যকর নয়। এমন দাবিতে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার।
পুষ্টিবিদদের মতে, যারা নিয়মিত পরিশ্রম করেন, তাদের শরীরের শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। আর আটার রুটি কার্বোহাইড্রেটের পাশাপাশি ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানেরও ভালো উৎস। তাই সকালের নাশতায় রুটি রাখা স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে।
পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতে, সকালের নাশতায় নিশ্চিন্তে রুটি খাওয়া যায়। রুটির গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম হওয়ায় এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। এছাড়া এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সাহায্য করে। রুটিতে কিছু পরিমাণ প্রোটিন, ভিটামিন ও খনিজও থাকে। তাই নিয়মিত সকালের নাশতায় রুটি রাখা যেতে পারে।
ভাত ও রুটি-দুটিই পুষ্টিকর খাবার। তবে রুটির গ্লাইসেমিক ইনডেক্স ভাতের তুলনায় কিছুটা কম এবং এতে ফাইবারের পরিমাণও বেশি। এ কারণে অনেক পুষ্টিবিদ রুটিকে কিছুটা এগিয়ে রাখেন। তবে এর অর্থ এই নয় যে সকালে ভাত খাওয়া যাবে না। ব্যক্তির শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকালের নাশতায় ভাতও খাওয়া যেতে পারে। ডায়াবেটিস থাকলেও চিকিৎসকের পরামর্শ মেনে ভাত খাওয়ার সুযোগ রয়েছে।
আটার রুটিতে গ্লুটেন থাকে, যা সবার জন্য উপযোগী নয়। যাদের গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তাদের রুটি এড়িয়ে চলা উচিত। এছাড়া সেলিয়াক রোগ, কোলাইটিস, প্রদাহজনিত অন্ত্রের রোগ (আইবিডি) বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করা প্রয়োজন। এসব ক্ষেত্রে অনেকের জন্য ভাত তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments