ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা ও মিডফিল্ডার এনগোলো কান্তের সাথে সৌদি লিগে জুটি হতে পারে স্বদেশি পল পগবার। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শনের পর পগবাকে ঘিরে এমন সম্ভাবনা জেগেছে। বেনজেমা ও কান্তে ক্লাবটির সাথে আগেই চুক্তি সেরেছেন।

গত গ্রীষ্মকালীন দলবদলে দ্বিতীয়বারের মতো জুভেন্টাসে পাড়ি জমান পগবা। এরপর পুরো মৌসুম ইনজুরির সঙ্গে করেছেন লড়াই করেছেন। ইনজুরির কারণে ইতালিয়ান সিরি আ’তে মাত্র ছয় ম্যাচ মাঠে নেমেছেন। অর্থাৎ পুরোটা সময় মাঠের বাইরেই কেটেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার।
এমতাবস্থায় পগবার সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে জুভেন্টাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গোল ডটকম। গত দুই মৌসুমের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তুরিনের ওল্ড লেডিরা।
গোল ডটকম আরও জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব ভ্রমণে গেছেন পগবা। সেখানে গিয়ে প্রো লিগের শীর্ষ ক্লাব আল ইত্তিহাদের অনুশীলন মাঠ পরিদর্শন করেছেন। এতে সৌদি প্রো লিগে পগবার যোগদান নিয়ে সম্ভাবনা জেগেছে। ক্লাবটির সঙ্গে চুক্তি হলে সেখানকার মিডফিল্ড-ফরোয়ার্ডে জুটি বাঁধতে পারবেন কান্তে-বেনজেমার সঙ্গে।
তবে জুভেন্টাস মিডফিল্ডারের আল ইত্তিহাদ পরিদর্শন ক্লাবটির সাথে চুক্তির জন্য নাকি শুধুই ক্লাবের চাওয়াতে আসা তা জানাতে পারেনি ইউরোপের গণমাধ্যমগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments