ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকা হতে কে না চায়? তারচেয়েও বড় বিষয় হচ্ছে সম্মান অর্জন করা। কিন্তু তারকাখ্যাতির পাশাপাশি প্রচুর সম্মানও অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে। কথিত আছে, একটা সময় দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার পর সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন তিনিই। তবে ক্রোনিয়ের অর্জন করা সেই সম্মান অল্প কিছু সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। ক্রোনিয়ে ন্যাশনাল হিরো থেকে হয়ে যান খলনায়ক।

২২ বছর নির্বাসন কাটিয়ে ফেরা দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ দলেই জায়গা পান ক্রোনিয়ে। এর পরের বছরই তার কাঁধে ওঠে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্বটা। মূলত তার অধীনেই নতুন করে প্রাণ ফিরে পায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, গড়ে তোলেন এক অদম্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তার অধীনেই প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররা সুযোগ পান দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রোটিয়াদের হয়ে ৫৩ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন ২৭ টেস্টে। আর ওয়ানডেতে ১৩৮ ম্যাচে তার অধীনে দক্ষিণ আফ্রিকা জিতেছিল মোট ৯৯টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের একমাত্র ট্রফি, মিনি বিশ্বকাপও এসেছিল তার সময়েই। যে কারণে পুরো দক্ষিণ আফ্রিকা জাতি স্বপ্ন দেখতে শুরু করেছিল এক দিন তার অধীনেই বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তা আর হলো কোথায়? ম্যাচ গড়াপেটার অভিযোগে অচিরেই ক্রিকেট থেকে দূরে সরে যেতে হয়েছিল ক্রোনিয়েকে।
২০০০ সালকে আখ্যায়িত করা হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। সে বছর ৭ এপ্রিল দিল্লি পুলিশ রীতিমতো বোমা ফাটায় পুরো ক্রিকে বিশ্বে। তাদের দাবি ছিল, হ্যান্সি ক্রোনিয়ে এবং ভারতীয় জুয়াড়ি সঞ্জয় চাওলার মধ্যকার ফোনালাপ পেয়েছে তারা, যেখানে তারা ম্যাচ গড়াপেটার কথা বলছিলেন। সাময়িকভাবে ক্রোনিয়ে সে অভিযোগ অস্বীকার করলেও এর ৪ দিন পর তৎকালীন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রধান আলী বাখেরের কাছে কল দিয়ে সবকিছু স্বীকার করে নেন।
প্রথমে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এর এক মাস পর একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হয়। প্যাট সিমকক্স জানান, ২,৫০,০০০ ডলারের বিনিময়ে পুরো দলকে এক ম্যাচ হেরে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ক্রোনিয়ে। অভিযোগ করেন হার্শেল গিবসও, তিনি জানান ১৫,০০০ পাউন্ডের বিনিময়ে নাগপুরে এক ইনিংসে তাকে ২০ রানের কমে আউট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
ক্রিকেট ছাড়ার পর দক্ষিণ আফ্রিকার একটি কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে চাকরি করতেন ক্রোনিয়ে। এরপর সপ্তাহ শেষে ফিরে যেতেন স্ত্রীর কাছে। এরপর একটি কার্গো বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। ধারণা করা হয়, হ্যান্সি ক্রোনিয়ের মৃত্যু নেহাত সাধারণ কোনো মৃত্যু নয়, বরং একটি চক্র পরিকল্পিতভাবেই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হয়। যে কারণে তার মৃত্যুও আজও রহস্যই হয়ে আছে পৃথিবীর বুকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments