ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। অবশেষে জানা গেছে, লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা এ বছরের নভেম্বরে ভারতে খেলতে আসবেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তিতে ভারত সফরের দিনক্ষণ জানিয়েছে।
বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনা জাতীয় দল প্রীতি ম্যাচ খেলবে। এই সময়ে তাদের দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথম উইন্ডো ৬ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় উইন্ডো ১০ থেকে ১৮ নভেম্বর, যেখানে আর্জেন্টিনা ভারতের কেরালায় ও অ্যাঙ্গোলার লুয়ান্ডায় খেলবে।
ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও এই খবর নিশ্চিত করেছেন। তবে রাজ্যের কোন শহরে ও কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষও নির্ধারিত হয়নি।
এর আগে আর্জেন্টিনা দল শেষবার ২০১১ সালে ভারত সফর করেছিল। তখন তারা কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। এবারও কিছু জটিলতার কারণে মে মাসে সফর শঙ্কায় পড়েছিল, কিন্তু পরবর্তীতে সব ঝামেলা কাটিয়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
সফরের পর মেসির ব্যক্তিগতভাবেও ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ শিরোনামে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘোরার কথা ভাবছেন। কোন শহরে কোন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, তা প্রায় চূড়ান্ত।
আর্জেন্টিনা দল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের হয়ে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ইকুয়েডর ও ব্রাজিল দুই দল ২৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
বুয়েন্স আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনেজুয়েলার বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে মুখোমুখি হবে মেসিরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

























Recent Comments