
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ব্যাপক সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কার থেকে বাদ দেয়া হয়েছে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম। বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশোধিত নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে রইজ উদ্দিন আহম্মদের নাম নেই। রইজ উদ্দিনকে বাদ দেয়ায় এবার ৮ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ২০২০।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ এর জন্য দেশের ৯জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
তাতে সাহিত্যে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম ছিল। কিন্তু নাম ঘোষণার পর থেকেই সাবেক এই আমলার সাহিত্যে অবদান নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকেও অনেকে তীব্র সমালোচনা করে মন্তব্য করেন। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এমন প্রেক্ষাপটে তার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশোধিত তালিকা অনুযায়ী যারা এই পুরস্কার পাচ্ছেন তারা হলেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির; সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।
শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। সংশোধিত তালিকাতে সাহিত্যে কারও নাম উল্লেখ নেই। তার মানে এ বছর সাহিত্য বিভাগে কাউকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে না।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ (বুধবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





























Recent Comments