ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ১৯ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসরটিতে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। দলটির নেতৃত্ব ভার উঠেছে তার কাঁধে। স্বাভাবিকভাবেই লম্বা সময় পর বাইশ গজে ফিরে দারুণ কিছুই করতে চাইবেন তামিম ইকবাল।

বিপিএলের উদ্বোধনের দ্বিতীয় দিনেই দেশের দুই সিনিয়র ক্রিকেটার তামিম-সাকিবের দল মুখোমুখি হবে। আগামী ২০ জানুয়ারি দুপুর ১ টা ৩০মিনিটে জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর শেরে বাংলায়। তবে এখন থেকে বিপিএল আসরটির জন্য দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বিপিএল চলাকালীন ক্রিকেট বিশ্বে চলবে আরও পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ। একই সময়ে এতোগুলো লিগ মাঠে থাকায় বিপিএলে মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকরা। তবে সমর্থকদের আশ্বস্ত করে সবাইকে এই কঠিন পরিস্থিতি মেনে নিতে বলছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক জানান, এটার ফলে যাতে দল ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাই করছেন তারা।
বিপিএলে এখন পর্যন্ত বিভিন্ন নামে তিনবার ফাইনাল খেলেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। তবে এবার বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলে জানান তামিম, ‘ইনশা-আল্লাহ অন্য সবদিক থেকে আমরা প্রস্তুত। আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি, যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্যও প্রস্তুত থাকবে।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। দেশের তিনটি ভেন্যুতে দেড় মাস ধরে চলবে এবারের আসর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments