ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ব্যাংক পিএলসির সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হয়েছে। গত মঙ্গলবার থেকে ‘BBL2NDSB’ প্রতীকে বন্ডটির লেনদেন করছে।
মঙ্গলবার ঢাকার নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি টাওয়ারে একটি বেল রিংগিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেনদেনের প্রথম দিনেই বন্ডটির ২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়। এটি দেশের স্থির আয়ভিত্তিক সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের প্রতিফলন।
বেল রিংগিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আসাদুর রহমান (এফসিএস) এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ (ইউকে)।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা (এফসিএ), হেড অব ট্রেজারি নাজমুল আহসান (সিএফএ) এবং হেড অব ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী রকিব-উল হক (সিএফএ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ডটির ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর এবং লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ রাশেদ হোসেন।
এর আগে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক ৭০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে। এটি ছিল নন-কনভার্টিবল, পূর্ণাঙ্গ রিডিমেবল এবং কুপন বহনকারী ফ্লোটিং রেট ইনস্ট্রুমেন্ট। এই বন্ডটি ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে বন্ডটি চালু করা হয়। এতে ৬৬৩ জন বিনিয়োগকারী অংশ নেন, যাদের ৮২ শতাংশই ছিলেন ব্যক্তি বিনিয়োগকারী।
সংশ্লিষ্টদের মতে, ‘BBL2NDSB’ এর তালিকাভুক্তি দেশের সেকেন্ডারি বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থির আয়ভিত্তিক বিনিয়োগে স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্পোরেট বন্ডে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই অর্থায়ন এবং বাজারভিত্তিক উদ্ভাবনী পণ্য চালুর মাধ্যমে তারা দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সম্প্রতি ব্যাংকটি দেশের প্রথম সোশ্যাল বন্ডও চালু করেছে, যা শিগগিরই তালিকাভুক্ত হওয়ার আশা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments