ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরলেন এক সময়ের আলোচিত মডেল–অভিনেতা পল্লব। ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমা করার পর কাজের বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। কাকতালীয়ভাবে সেই একই পরিচালকের ‘ছায়া’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। ২ এপ্রিল পাবনায় শুরু হয়েছে ছবিটির শুটিং।

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং থেকে মুঠোফোনে পল্লব প্রথম আলোকে বলেন, ‘মাঝে একটি ছবিতে অতিথি চরিত্র করেছি। ১৫ বছর পর পূর্ণাঙ্গভাবে “ছায়া” সিনেমাটি দিয়ে কাজে ফেরা বলা যায়।’
কাজে ফিরে ভালো লাগার কথা জানিয়ে পল্লব বলেন, ‘অনেক দিন পর কাজ ফিরেছি, এখন আমার অনেক ভালো লাগছে। সেই ১৯৯১ সাল থেকে টানা প্রায় ১৭ বছর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা একটি জায়গা। তাই কাজ করতে এসে কোন রকম নতুন মনে হচ্ছে না। চেনা জায়গায় ফিরে নিজের কাছে অনেক ভালো লাগছে।
তাহলে এত দীর্ঘ সময় কাজ করেননি কেন জাবাবে তিনি বলেন, ‘মাঝে আকস্মিকভাবে বড় ভাইয়ের মৃত্যু হয়, এরপর বাবার মৃত্যু; বাসায় বৃদ্ধ মা। তা ছাড়া একটা ব্যবসাও আছে আমার। এসব কারণে কাজে বিরতি পড়েছে।’
অভিনেতা পল্লব আরও জানান, চাইলে আরও আগে ফিরতে পারতেন। ‘চিন্তা করে দেখলাম, নতুন করে আবার ফেরার জন্য নিজেকে ফিট হতে হবে। উপযুক্ত হয়ে ফেরা উচিত। তা না হলে দর্শকের সঙ্গে একধরনের প্রতারণা করা হবে। তাই মাঝে নিজেকে সময় দিয়েছি। এখন সব গুছিয়ে, মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে নামলাম’।
‘ছায়া’ ছবিটি দিয়ে ফেরা প্রসঙ্গে পল্লব বলেন, ‘প্রায় ১৫ বছর আগে সুমন ভাইয়ের সঙ্গে সিনেমায় কাজ করেছি। কিছুদিন আগে তিনি এ ছবির চিত্রনাট্য আমাকে পাঠালেন। পড়ার পর মনে হলো, কাজের অনেক সুযোগ আছে। চরিত্রটির মধ্যে দর্শকেরা ভিন্ন কিছু পাবেন। তাই রাজি হলাম।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments