শুক্রবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা
spot_img
spot_img

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে আজ চূড়ান্ত আলোচনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড। আগের সভায় শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও নতুন করে মজুরি সমন্বয়ের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। ফলে পোশাকশ্রমিকদের বেতন কাঠামোয় আরও পরিবর্তন আসে কি না, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

চতুর্থ সভায় চারটি গ্রেডের মধ্যে তিনটির মজুরি বোর্ডের সব সদস্যের সম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত নেওয়া হয়।

নির্ধারিত গ্রেডভিত্তিক নিম্নতম মাসিক মজুরি হলো-

গ্রেড-১ ২১ হাজার ৫০০ টাকা

গ্রেড-২ ২০ হাজার টাকা

গ্রেড-৩ ১৯ হাজার ২০০ টাকা

গ্রেড-৪ ১৭ হাজার টাকা

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো গ্রেডের শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত ২ হাজার টাকা যোগ করে সমন্বয় করা হবে।

এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা করার প্রস্তাব দেয়।

তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয়পক্ষ।

চতুর্থ সভায় গ্রেডভিত্তিক নিম্নতম মজুরি নির্ধারণের পর আজকের পঞ্চম সভায় মূলত মজুরি সমন্বয়, বিভিন্ন গ্রেডের শ্রমিকদের বিদ্যমান মজুরি এবং বোর্ডের চূড়ান্ত সুপারিশ নিয়ে আলোচনা হতে পারে।

তবে আজকের বৈঠকে নতুন করে মজুরি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হবে কি না, সে বিষয়ে আগাম কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে পোশাকশ্রমিকদের বেতন কাঠামোয় আরও সমন্বয় আসবে কি না, তা নির্ভর করছে মজুরি বোর্ডের আজকের সিদ্ধান্তের ওপর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments