ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে-এমন আশঙ্কার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে মূল্যবান ধাতুগুলোর দাম।
সোমবার (১৩ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৭২ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহের মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮১ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত এবং অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।
স্যাক্সো ব্যাংকের প্রধান বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, উপসাগরীয় অঞ্চলের নতুন সংঘাত বিশ্ববাজারে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বেশি সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধিও সোনার বাজারে চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন ছুটির কারণে বাজারে লেনদেন তুলনামূলক কম থাকলেও মধ্যপ্রাচ্যের সংকট ও তেলের উচ্চমূল্য সোনার দামে নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬৩ শতাংশ।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জুন মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই), খুচরা বিক্রির তথ্য এবং সাপ্তাহিক বেকারভাতার আবেদনের পরিসংখ্যান প্রকাশিত হবে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের কংগ্রেসে প্রথম বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৭ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬২২ দশমিক ৭২ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments