ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুনে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩। এই টুর্নামেন্টের ড্র আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তারা পেয়েছে শক্তিশালী লেবানন, মালদ্বীপ ও ভুটানকে। অন্যদিকে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান। আমন্ত্রিত হয়ে এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে লেবানন ও কুয়েত।

ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে লেবানন। তাদের র্যাংকিং ৯৯। আর র্যাংকিংয়ে সবচেয়ে নিচে রয়েছে পাকিস্তান, ১৯৫। বাংলাদেশের র্যাংকিং পাকিস্তানের সামান্য উপরে, ১৯২। মালদ্বীপ ১৫৪ এবং ভুটানের ১৮৫। অন্যদিকে ফিফা র্যাংকিংয়ে আয়োজক এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত আছে ১০১তম অবস্থানে। কুয়েত আছে ১৪৩তম অবস্থানে। নেপালের র্যাংকিং ১৭৪।
‘বি’ গ্রুপে লেবাননের সঙ্গে বাংলাদেশের পারার সম্ভাবনা খুবই কম। ভুটানের সঙ্গে জিততে পারে। সেক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষের ম্যাচটি হবে ট্রাম কার্ড। এই ম্যাচটিতে ভালো করে পরের রাউন্ডে যেতে পারলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টালমাটাল সময়ে সেটা হবে দারুণ কিছু।
বাংলাদেশ সবশেষ এবং একমাত্র ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। ২০০৫ সালে হয়েছিল রানার্স-আপ। এরপর গেল ১৮ বছরে আর কখনোই সেমিফাইনালে উঠতে পারেনি।
আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩। চলবে ৪ জুলাই পর্যন্ত।সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গেল শনিবার ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের আসরে বাংলাদেশ অবশ্য ফাইনাল খেলার লক্ষ্য নির্ধারণ করেছে।
৩৫ সদস্যের বাংলাদেশ দল-
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদী হাসান রয়েল।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
ডেইলি শেয়ারবাজার ডটকিম/ই.
































Recent Comments