ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ভিয়েতনাম আবারও বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ প্যাকেজিং অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফারুক হাসান বলেন, আর্থিক সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং পরিচালনাগত নানা সমস্যার কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে। হারানো অবস্থান ফিরিয়ে আনতে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বশেষ প্রতিবেদনে ২০২৫ সালে বাংলাদেশকে দ্বিতীয় এবং ভিয়েতনামকে তৃতীয় স্থানে রাখা হলেও দেশের পোশাক খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি বলে জানান ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা বলেন, তীব্র আর্থিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, নীতিগত অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার কারণে তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আর্থিক সংকট ও নিরাপত্তাজনিত সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন উৎপাদনকারীরা। বর্তমান পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তিনি রপ্তানি পণ্যে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা আরোপ এবং ফ্রি-অব-কস্ট আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল না করার পক্ষে মত দেন। তার মতে, এসব নীতি স্থানীয় কাঁচামাল উৎপাদনের পরিবর্তে আমদানিনির্ভরতা বাড়াতে পারে।
দেশীয় উৎপাদনকারীদের টিকিয়ে রাখতে সরকারের কাছে প্রয়োজনীয় প্রণোদনার দাবিও জানান তিনি।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তৈরি পোশাক শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী নেতারাও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
এদিকে অনুষ্ঠানে শুল্ক বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। বিপিএএমইএর সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মতি অভিযোগ করেন, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নবায়নে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়।
তিনি বলেন, ছোট ব্যবসায়ীরাও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিপিএএমইএর বর্তমান সভাপতি মো. শাহরিয়ারও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবসার পথে বড় বাধাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে শুল্ক বিভাগ।
আগামী ১ আগস্ট বিপিএএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৫ জন পরিচালক প্রার্থী নিয়ে গঠিত ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মো. শাহরিয়ার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments