ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে তারা সতর্ক করেছে, প্রয়োজনে এ অঞ্চলের অন্য তেল ও গ্যাস রপ্তানি পথও লক্ষ্যবস্তু করা হতে পারে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের প্রতিশোধমূলক অভিযান চলবে। যতদিন যুক্তরাষ্ট্র হামলা চালাবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে ভারত মহাসাগরীয় রুট দিয়ে তেল ও গ্যাস পরিবহনও ঝুঁকিতে পড়েছে। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য জ্বালানি রপ্তানি পথও বন্ধ হয়ে যেতে পারে। তবে কোন কোন পথের কথা বলা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানির পথ হয় সবার জন্য খোলা থাকবে, নয়তো কারও জন্যই থাকবে না।
এদিকে মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক এই নৌপথ এখনো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments