রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসমালোচনা–বিতর্ক, তবু দুই দিনে ৪০ কোটি আয় আলিয়ার ছবির
spot_img
spot_img

সমালোচনা–বিতর্ক, তবু দুই দিনে ৪০ কোটি আয় আলিয়ার ছবির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’। মুক্তির পর ব্যাপক কটাক্ষের মুখে পড়ে সিনেমাটি। সাধারণ দর্শক অন্তর্জালে সিনেমাটিকে ধুয়ে দিয়েছেন, গণমাধ্যমের সমালোচকেরাও বলেছেন, ‘আলফা’ সিনেমা হিসেবে খুবই দুর্বল। তবে যত সমালোচনাই হোক, বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি।

দুই দিনে কত আয়
মুক্তির দুই দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯০ লাখ রুপি, যা ৪০ কোটির মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি। বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (মুক্তির দ্বিতীয় দিন) ভারতে ৬ হাজার ৮৮২টি শোর মাধ্যমে ছবিটি ১১ কোটি ৫০ লাখ রুপি (নেট) আয় করেছে। প্রথম দিনের তুলনায় এটি কিছুটা উন্নতি। এর ফলে দুই দিনে ভারতে ছবিটির মোট নেট আয় বেড়ে হয়েছে ২০ কোটি ৭৫ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ৯০ লাখ রুপি।

বিদেশের বাজারেও দ্বিতীয় দিনে স্থিতিশীল ব্যবসা ছিল। গতকাল আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭ কোটি রুপি, ফলে দুই দিনে বিদেশে মোট আয় পৌঁছেছে ১৩ কোটি রুপিতে। সব মিলিয়ে ছবিটির বৈশ্বিক গ্রস আয় এখন ৩৭ কোটি ৯০ লাখ রুপি।

সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র
বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫-এর মধ্যে ২ দশমিক ৫ তারকা দিয়েছে। তাদের মূল্যায়নে আলিয়া ভাটের সীতা চরিত্রে অভিনয়ের প্রশংসা করা হলেও চিত্রনাট্যের অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমালোচনায় বলা হয়েছে, ছবিতে একের পর এক টুইস্ট যোগ করা হলেও সেগুলো কৌতূহল তৈরি করার বদলে অনেক সময় দর্শককে ক্লান্ত করে ফেলে। রহস্য গড়ে তোলার চেয়ে চমক তৈরির দিকেই বেশি জোর দেওয়া হয়েছে।
বলিউড হাঙ্গামা সিনেমাটিকে ৫–এ ২ তারকা দিয়েছে। গণমাধ্যমটির সমালোচনায় বলা হয়েছে, চিত্রনাট্য একের পর এক টুইস্টে ভরপুর হলেও সেগুলোর অনেকগুলোরই যৌক্তিক ভিত্তি দুর্বল। অনেক ঘটনা এতটাই অবিশ্বাস্য যে দর্শকের মনোযোগ গল্প থেকে সরে যায়।

এ ছাড়া গণমাধ্যমটি বলেছে, আরও বড় সমস্যা হলো, ছবির শুরুতেই সীতাকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে দেখা যায়। এরপর তাঁকে নায়কোচিত চরিত্র হিসেবে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। দেশপ্রেমের আবহ যোগ করে সেই সংকট কাটানোর চেষ্টা করা হলেও সেটি খুব একটা কার্যকর হয়নি। দ্বিতীয়ার্ধে যুক্তির চেয়ে নাটকীয়তাই বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ফতেহ সিং লাখাওয়াতকে ঘিরে বড় মোচড়টি অপ্রত্যাশিত হলেও সেটি দর্শকের মধ্যে বিতর্ক তৈরি করতে পারে।

পরিচালক শিব রাওয়াইল নির্মিত এবং উদয় চোপড়া রচিত ‘আলফা’ মুক্তি পেয়েছে ৩ জুলাই। যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তির এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জা।
সিনেমাটির গল্প গোপন সামরিক প্রকল্পে তৈরি করা হয় ‘আলফা’ সিরাম, যা একজন মানুষকে অতিমানবীয় শক্তি দিতে পারে। সেই সিরামের পরীক্ষামূলক ফল সীতা (আলিয়া ভাট)। ছোটবেলা থেকে তাঁকে গোপনে প্রশিক্ষণ দেন লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত (ববি দেওল)। কিন্তু একপর্যায়ে সীতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে এখন ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান বিক্রান্ত কৌল (অনিল কাপুর)-এর পিছু নিয়েছে। বিক্রান্তকে অনুসরণ করতে গিয়ে স্পেনের ভ্যালাদোলিদে বসবাসকারী দুর্গা (শারভরী)-র সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি জানতে পারে সীতা। এরপর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সীতা, দুর্গা ও বিক্রান্তের অদৃশ্য সম্পর্কের রহস্য।

আলিয়ার পাশে করণ
মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে আলিয়া ভাট অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’। তবে ছবিটির পাশে দাঁড়িয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁর মতে, অনলাইন ট্রলিং নয়, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই একটি ছবির প্রকৃত মূল্যায়ন।

গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহর লেখেন, এমন সময়ে যখন সিনেমা হলে দর্শক টানাই বড় চ্যালেঞ্জ, তখন ‘আলফা’–র উদ্বোধনী আয়কে ‘দৃঢ় সূচনা’ বলেই মনে করেন তিনি।

করণ লেখেন, যখন প্রেক্ষাগৃহে দর্শক আনা কঠিন হয়ে পড়েছে, তখন ‘আলফা’ দারুণ একটি সূচনা করেছে। এটি প্রমাণ করে, অনলাইনের নেতিবাচকতার চেয়ে দর্শকের রায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃত যোদ্ধা তারাই।

পোস্টে আলিয়া ভাটের প্রশংসা করতেও ভোলেননি করণ জোহর। তিনি লেখেন, ‘আলিয়া ভাটের তারকাখ্যাতি, বড় পর্দায় দর্শক টানার ক্ষমতা এবং তাঁর অসাধারণ প্রতিভা নিয়ে কোনো বিতর্ক নেই। একই সঙ্গে যশরাজ ফিল্মস যেভাবে বড় পর্দার অভিজ্ঞতা তৈরির জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার; বিষাক্ত সমালোচনার নয়।’

তাঁর মতে, বড় বাজেটের থিয়েটারকেন্দ্রিক সিনেমাগুলোকে উৎসাহ দেওয়া উচিত। কারণ, এগুলোই সিনেমা হলের ব্যবসাকে সচল রাখতে সাহায্য করে। সমালোচকদের উদ্দেশে একরকম বার্তাও দিয়েছেন করণ। তিনি লেখেন, ‘একটু শান্ত হোন এবং উদ্‌যাপন করুন যে সিনেমা হলগুলো এখনো বেঁচে আছে! “আলফা” দেখতে যান।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments