ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর দিলেন কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সেলেসাওদের কোচ বলেন, চোট কাটিয়ে ওঠা রাফিনহা রোববার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দলের হয়ে কিছু সময় খেলতে প্রস্তুত। তবে তিনি স্বীকার করেছেন, চোটে পড়া লুকাস পাকেতার পরিবর্তে ভিন্ন সমাধান খুঁজতে হবে।
হাইতির বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনহা। শুক্রবার তিনি অনুশীলনে ফেরেন। আনচেলত্তি জানান, রাফিনিহা এখনও শুরুর একাদশে খেলার মতো পুরোপুরি প্রস্তুত নন, তবে আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।
শনিবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, রাফিনহা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার এবং কয়েক মিনিট খেলার কিংবা নির্দিষ্ট কিছু মুহূর্তে দলের জন্য অবদান রাখার মতো অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সে খুব ভালোভাবে এবং খুব দ্রুত সেরে উঠেছে। এতে আমরা খুবই খুশি, কারণ রাফিনিয়া দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
এদিকে জাপানের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মিডফিল্ডার লুকাস পাকেতাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। ফলে মিডফিল্ড নতুনভাবে সাজাতে হবে আনচেলত্তিকে। তিনি বলেন, আমাদের দলে লুকাস পাকেতার মানের আর কোনো খেলোয়াড় নেই। তাই অন্য একজনকে দিয়ে তার জায়গা পূরণ করতে হবে। তবে তাদের খেলার ধরন আলাদা। দানিলো একরকম, গ্যাব্রিয়েল আরেক রকম, আবার মাতেউস কুনিয়া ও এদেরসনের বৈশিষ্ট্যও ভিন্ন।
আনচেলত্তি বলেন, আমাদের ম্যাচ পরিকল্পনার ভিত্তিতেই আমি খেলোয়াড় বেছে নেব। অবশ্যই প্রতিপক্ষের শক্তির বিষয়টি বিবেচনায় থাকবে, তবে একই সঙ্গে আমরা মাঠে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, তার সঙ্গে কে সবচেয়ে উপযোগী সেটিও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় হুমকি হালান্ড। তার গতি ও শারীরিক শক্তি তাকে এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন করে তুলেছে। আনচেলত্তি বলেন, হলান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের তাকে নিয়ে আলাদা করে কিছু বোঝানোর দরকার নেই। তারা তাকে আমার চেয়েও ভালো চেনে, কারণ তারা অনেকবার তার বিপক্ষে খেলেছে।
তিনি বলেন,আমরা ম্যাচের প্রস্তুতিতে পুরো মনোযোগ দিচ্ছি। অবশ্যই হলান্ডের বৈশিষ্ট্যও আমাদের বিবেচনায় রাখতে হবে, কারণ সে অত্যন্ত বিপজ্জনক একজন ফরোয়ার্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments