ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচন করতে সিনেমা আহ্বান করেছে ‘অস্কার বাংলাদেশ কমিটি’। আগ্রহী প্রযোজক ও পরিচালকরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্র জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আবেদনকারীদের।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, অস্কারের জন্য বিবেচিত চলচ্চিত্রের দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি হতে হবে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও এ বিভাগে বিবেচিত হবে। চলচ্চিত্রটির মূল সংলাপ বা ডায়ালগ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। পাশাপাশি থাকতে হবে স্পষ্ট ও নির্ভুল ইংরেজি সাবটাইটেল।
অস্কারের ৯৯তম আসরের জন্য যোগ্য হতে চলচ্চিত্রটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। প্রদর্শন হতে হবে অন্তত টানা সাত দিন।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো চলচ্চিত্র টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটসহ কোনো অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে প্রদর্শিত বা প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবে।
এ ছাড়া চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণ মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। আবেদনকারীদের নির্ধারিত অনলাইন ফরমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি। ভুল, অসম্পূর্ণ কিংবা অ্যাকাডেমির নিয়মবহির্ভূত কোনো তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
বাংলাদেশের হয়ে অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে কোন চলচ্চিত্রটি প্রতিনিধিত্ব করবে, তা নির্ধারণ করবে জুরি বোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments