ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কর্ণাটকের কিকস্টার্ট ফুটবল ক্লাবের হয়ে খেলতে বর্তমানে ভারতে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ভারতের নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন সানজিদা আক্তারও। তাঁর বিষয়টি আড়ালে ছিল এতদিন। গতকাল সানজিদার ভারতে লিগে খেলার প্রস্তাব পাওয়ার কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে খেলবেন এ ফরোয়ার্ড। এরই মধ্যে ভিসার জন্য আবেদনও জমা দিয়েছেন তিনি। ভিসা পেলেই ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দেবেন সানজিদা।
বাংলাদেশের ফুটবলের জন্য ইস্ট বেঙ্গল একটি আবেগের নাম। নব্বইয়ের দশকে এই ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন মোনেম মুন্না, আসলাম, রুমি, গাউসরা। এবার সেই ক্লাবের নারী দলের হয়ে খেলবেন সানজিদা।
ইস্ট বেঙ্গলে খেলার জন্য সানজিদাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারতের নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট তাদের। বাকি তিনটি ম্যাচই হেরেছে কলকাতার এ ক্লাবটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments