ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে আলোচিত দুটি সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’। ইতিমধ্যে সিনেমা দুটিই আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু।

জানা যায়, আগামীকাল (রোববার) ‘সুড়ঙ্গ’ ও ‘প্রহেলিকা’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে সেন্সর সার্টিফিকেট পৌঁছানোর কথা রয়েছে।
‘প্রহেলিকা’ নিয়ে খসরু বলেন, প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছেন। তবে আমি মুগ্ধ, বিস্মিত হয়েছি মাহফুজ আহমেদের অভিনয়ে। তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন। ‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের সঙ্গে রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
এদিকে ‘সুড়ঙ্গ’ নিয়ে খসরু বলেন, খুবই চমৎকার একটি ছবি। একদমই ভিন্ন ঘরানার। দর্শকদের হলে বসিয়ে রাখার মতো একটি সিনেমা। নির্মাতা দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন এতে। আর আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে, দর্শকরা বড় পর্দায় তাকে ব্যাপকভাবে গ্রহণ করবে।
সিনেমা দুটি দেখে বোর্ড সদস্যরাও মুগ্ধ, জানান খসরু। ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার তারকা আফরান নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি বাংলাদেশের সঙ্গে ভারতেও মুক্তির প্রক্রিয়া চলছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments