ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতের সময়ে বিয়েবাড়ি, পার্টি, পিকনিক লেগেই থাকে। সামনেই আবার বড়দিন, নতুন বছর। সাজপোশাক কেমন করবেন ভেবেই রেখেছেন অনেকে। কিন্তু সুন্দর সাজপোশাকের সঙ্গে চশমা পরলে সাজটাই মাটি হয়ে যায় বলে অনেকের মনে হয়। আর তাই অনেকেই নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে ব্যবহার করেন কনট্যাক্ট লেন্স। তবে চোখের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করতে হবে কনট্যাক্ট লেন্সের ব্যবহার। এর জন্য উপযুক্ত জ্ঞান থাকাটাও জরুরি।
দিনে সাত থেকে আট ঘণ্টার বেশি কনট্যাক্ট লেন্স পরা ঠিক নয়। একান্তই এর চেয়ে বেশি সময় কখনও লেন্স ব্যবহার করতে হলে, আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা অন্তত চোখকে বিশ্রাম দিয়ে তার পর পরুন। মাঝে চোখে ড্রপ দিয়ে নিন।
লেন্স ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা থাকে। কোনও লেন্স এক মাসের জন্য হয়, কোনওটা আবার তিন মাস, ছয় মাস, কোনওটা এক বছরের জন্য হয়। রোজের ব্যবহারের জন্যও লেন্স পাওয়া যায়। কেনার সময়েই তা বলে দেওয়া হয়। চিকিৎসকেরা বলছেন, সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই একই লেন্স ব্যবহার করা চোখের পক্ষে ক্ষতিকর। আপনি লেন্সটি কত দিন ধরে ব্যবহার করছেন, তা দেখে নেয়া জরুরি।
কনট্যাক্ট লেন্স ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে। তা মেনে না চললে অনেক সময়েই ‘ব্যাক্টেরিয়াল ইনফেকশন’হয়ে যায়। চোখে ব্যথা, চুলকানি, লাল ভাব দেখা দেয়। দৃষ্টিও ঝাপসা হয়ে যায়।
লেন্স ব্যবহারের পরে তা খুলে সলিউশনে পরিষ্কার করে নিয়ে নির্দিষ্ট বাক্সে সলিউশনে ডুবিয়ে রাখা জরুরি। এক সলিউশন এক মাসের বেশি ব্যবহার করবেন না।
এছাড়াও গোসল অথবা চোখ-মুখ ধোয়ার আগে অবশ্যই লেন্স খুলে নেবেন। আর লেন্স পরে কখনওই ঘুমোবেন না। চোখে সমস্যা হলে তা সেরে না যাওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শ না নিয়ে লেন্স পরা উচিৎ না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments