
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনা ভাইরাস মহামারির আকার নিয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেন জাতীয় জরুরি অবস্থা জারি করেছে৷ এবার এর মোকাবিলায় স্পেন নামতে চলেছে সেনা৷ এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷
স্পেনে জরুরি অবস্থার প্রথম ধাপ ঘোষণা করা হয়েছে৷ পোশাকি ভাষায় যার নাম ‘স্টেট অফ অ্যালার্ট’। দেশের আইন অনুসারে ১৫ দিনের জন্য এই জরুরি অবস্থা জারি করা যায়৷ এর আওতায় কোনও এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনার মতো নানা ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছে৷
স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,করোনা ভাইরাসের বিস্তার রুখতে স্পেনের রাজধানী মাদ্রিদে সব ধরনের রেস্টুরেন্ট, বার এবং দোকান বন্ধ করে দেওয়া হতে পারে৷ আজ শনিবার থেকেই তা কার্যকর হবে৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷ একমাত্র সুপারমার্কেট এবং ওষুধের দোকান খোলা থাকবে৷
ইউরোপ অঞ্চলে ইতালির পর স্পেনেই সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১২০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে৷
আগামী সপ্তাহে স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ এই পরিস্থিতিতে দেশের সকলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি৷ শুধু তাই নয়, নতুন করে সংক্রমণ ঠেকাতে সেনা নামানো হবে বলেও সানচেজ জানিয়েছেন৷
হোয়াইট হাউসে রোজ গার্ডেনে হওয়া একটি সাংবাদিক বৈঠকে শুক্রবার ট্রাম্প জানান,সরকারকে নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য আমি জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করছি৷ তিনি আরও বলেন,আগামী আট সপ্তাহ খুবই সংকটজনক৷ আমাদের অনেক কিছু শিখতে হবে৷ এই ভাইরাস থেকে বাঁচার রাস্তা খুঁজে বার করতে হবে৷
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফেডেরাল তহবিল থেকে ৫০ বিলিয়ন ডলার দেওয়ার কথাও বলেন তিনি৷ এ ছাড়া চিকিৎসা বিমার উপরে আরোপিত নিয়ম শিথিল এবং নতুন হাসপাতাল তৈরির পথ খুলে যাবে৷ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি মোকাবিলায় ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জন। আগামী কয়েক সপ্তাহে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর ডাক্তার অ্যান্টনি ফউসি৷
























Recent Comments