
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দোহার তাপমাত্রা চল্লিশের কাছাকাছি। প্রচণ্ড গরমের মধ্যেও অনুশীলনে কোনো কমতি নেই বাংলাদেশ দলের। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের বিপক্ষে ম্যাচের আগে কাতারের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা বিশ্বনাথ ঘোষদের। আর ম্যাচটি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বলে অনুশীলনটা সন্ধ্যার পর করছে বাংলাদেশ ফুটবল দল।
দোহার আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো বলে কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন বলে গতকাল বাফুফের পাঠানো ভিডিওবার্তায় জানান বিশ্বনাথ, ‘এখানের আবহাওয়াটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মতোই। হয়তো বা উনিশ-বিশ। আবহাওয়া যে রকমই হোক, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের লক্ষ্যটা পূরণ করার চ্যালেঞ্জ।
সেই লক্ষ্যটা যে ৩ পয়েন্ট, তা মুখ ফুটে বিশ্বনাথ না বললেও অনুমান করা যায়। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘আই’ এ বাংলাদেশ যে ১ পয়েন্ট পেয়েছে, সেটা এই লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় গত বছর। শেখ মোরসালিনের সমতা ফেরানো গোলটি বাংলাদেশের ফুটবলে বড় বিজ্ঞাপন হয়ে আছে। সেই সঙ্গে আছে ৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার প্রেরণা।
সকারুদের কাছে ২-০ গোলে হারলেও ফুটবলারদের উজ্জীবিত পারফরম্যান্সে লেবানন ম্যাচে আশা দেখছেন বিশ্বনাথ, ‘টিমের পরিস্থিতি ভালো। অস্ট্রেলিয়ার সঙ্গে বড় একটা ম্যাচ খেলে আসছি। সেখানে আমরা ম্যাচ হেরে গেছি ঠিকই, তবে টিমের পারফরম্যান্সে আমরা আশাবাদী। দেশের মাটিতে যেটা খেলেছি, সেটা যদি এখানে খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।
বিশ্বনাথের মতো কাতারের আবহাওয়া নিয়ে মোটেও ভাবছেন না বাংলাদেশ কোচ ক্যাবরেরা। গত দু’দিন রিকভারির দিকে মনোযোগ দেওয়া এ স্প্যানিয়ার্ড এখন কষছেন মূল ছক, ‘এখানে সকালের আবহাওয়া যে গরম হবে, তা আগে থেকেই আমরা জানতাম। সাড়ে ৬টার দিকে সূর্যাস্ত যাওয়ার পর এখানকার তাপমাত্রা কমে যায়। আমরাও ভালো প্রস্তুতি নিয়েছি। আর ম্যাচটাও এই সময়ে হবে। আমি তো মনে করি, ম্যাচ যেহেতু এই সময়ে, আবহাওয়া কোনো ইস্যু হবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments